গণ অধিকার নেতার বিয়ের উপহারে ডিজেল, বার্তা জ্বালানি সংকটের | Daily AjKaler Kontho

গণ অধিকার নেতার বিয়ের উপহারে ডিজেল, বার্তা জ্বালানি সংকটের


রাজিবুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
গণ অধিকার নেতার বিয়ের উপহারে ডিজেল, বার্তা জ্বালানি সংকটের

পটুয়াখালীর দুমকিতে গণ অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার বিয়েতে ব্যতিক্রমী উপহার হিসেবে ডিজেল প্রদান করা হয়েছে। জ্বালানি সংকটের বাস্তবতা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে নেতাকর্মীরা ডিজেলভর্তি একটি পাত্র বর ও কনের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে কৃষকরা সেচ কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন, জেলেরা নদীতে যেতে পারছেন না এবং পরিবহন খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ফিলিং স্টেশনে সরবরাহ সীমিত থাকায় সাধারণ মানুষকে বেশি দামে তেল কিনতে হচ্ছে।

তারা আরও বলেন, বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন প্রতীকী উপহার দিয়ে জ্বালানি সংকটের বিষয়টি সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা তাদের।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়দের কেউ এটিকে সময়োপযোগী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন।