ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মাদক ও জুয়া খেলায় জড়িত ১৩ জন আটক | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মাদক ও জুয়া খেলায় জড়িত ১৩ জন আটক


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মাদক ও জুয়া খেলায় জড়িত ১৩ জন আটক

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ জুয়ার আসর থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িতদের হাতেনাতে আটক করা হয়।

ডিবি পুলিশের একটি দল তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অন্যদিকে ভালুকা উপজেলার টিএনটি মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপন চন্দ্র দাস (৩৫) ও সাকিবুল হাসান রিফাত (২২) নামে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ লাল চান মিয়া (২২) ও রেজাউল ইসলাম সাগর (২১) নামে দুইজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এদিকে ত্রিশাল উপজেলার অলহরী ঘাটপাড় বাজার এলাকায় জুয়ার আসরের খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আরও ৮ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়ার কাজে ব্যবহৃত তাস ও নগদ ৫ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি