
পবিত্র রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য বিনামূল্যে ইফতার আয়োজন করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর কক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন ক্রীড়া বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলোয়াড় ছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন জাবি শারীরিক শিক্ষা অফিসের পরিচালক বেগম নাছরিন ও জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ।
স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল জানান, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা সারা বছর অনুশীলন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনেন। তাদের প্রতি সম্মান ও উৎসাহ জোগাতেই রমজানের এই বিশেষ আয়োজন করা হয়েছে।
জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা আমাদের গর্ব। তারা বিশ্ববিদ্যালয়ের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় লড়াই করে সাফল্য এনে দেয়। রমজানের এই পবিত্র মাসে তাদের সঙ্গে একসাথে ইফতার করার মাধ্যমে আমরা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করতে চাই।”
ইফতারে অংশ নেওয়া খেলোয়াড় আল-মামুন বলেন, “এমন উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। এটি খেলোয়াড়দের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং এক ধরনের দলীয় বন্ধন তৈরি করে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের কল্যাণ ও প্রেরণা জোগাতে জাবি স্পোর্টস ক্লাব এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব তৈরির পর থেকেই শিক্ষার্থীদের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তারা সফলভাবে বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করেছে।
আপনার মতামত লিখুন :