লামা-আলীকদমে নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন | Daily AjKaler Kontho

লামা-আলীকদমে নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
লামা-আলীকদমে নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে আলীকদম উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা টহল কার্যক্রম এবং সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন পরিচালনা করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে আলীকদম উপজেলার সকল ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্র সমূহের ভৌত নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, নিরাপত্তা জনবল ও দায়িত্ব বণ্টন, সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভোটাররা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সহিংসতা ও বিশৃঙ্খলা দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, প্রধান যোগাযোগ সড়ক, জনবহুল এলাকা, বাজারকেন্দ্র এবং অন্যান্য সংবেদনশীল স্থানে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে আলীকদম সেনাজোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের এবং আনসার এর সমন্বিত টহল, নিবিড় নজরদারি, চেকপোস্ট কার্যক্রম এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, গুজব, অবৈধ কর্মকাণ্ড কিংবা আইনবহির্ভূত তৎপরতা কঠোরভাবে প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালন, গুজবে বিভ্রান্ত না হওয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সমন্বিত ও সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আলীকদম ও লামা উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

সেনা জোনের কার্যকর ও দৃশ্যমান নিরাপত্তা উদ্যোগের ফলে আলীকদম ও লামা উপজেলার সাধারণ জনগণের মধ্যে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে একটি আস্থাশীল ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি