ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস | Daily AjKaler Kontho

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (তারিখ:১৬-০১-২০২৬ইং) অনুমানিক বিকাল ৪:০০ ঘঠিকার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সপ্তম তলার একটি কক্ষে রোগীদের ব্যবহারের জন্য সংরক্ষিত ম্যাটেস রাখা ছিল। ওই কক্ষ থেকেই প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় পুরো তলার পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

আগুনের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কার্যক্রম পরিচালনা করেন।

অগ্নিকাণ্ডের সময় সপ্তম তলায় থাকা রোগী, স্বজন ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট তলা ও আশপাশের এলাকা থেকে রোগী ও তাদের স্বজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ম্যাটেস সংরক্ষিত কক্ষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে। আগুনে কিছু ম্যাটেস ও অন্যান্য সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি