দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালের ৩ মাসের কারাদণ্ড | Daily AjKaler Kontho

দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালের ৩ মাসের কারাদণ্ড


কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালের ৩ মাসের কারাদণ্ড

কুমিল্লা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযানে আক্তার হোসেন (৩০) নামে এক স্বীকৃত দালালকে আটক করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৬-৭-২৫) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান নিজ হাতে আক্তার হোসেনকে আটক করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আক্তার হোসেন হাসপাতাল প্রাঙ্গণে দালালচক্রের মাধ্যমে রোগীদের প্রতারণা ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রোগী ও তাদের স্বজনদের ভুল পথে পরিচালিত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতেন।

আটকের পর ডা. মহিবুস সালাম খান ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করলে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দালালের কারণে একাধিক রোগী ও তাদের স্বজনরা প্রতারণার শিকার হয়েছেন। এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “রোগীসেবার স্বার্থে দালালবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো দালালকে হাসপাতাল এলাকায় অবাধে চলতে দেওয়া হবে না। যারা এ ধরনের অনৈতিক কার্যক্রমে জড়িত থাকবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

 

আজকালের কন্ঠ/আর এস/এস