পুনরায় পেছালো জাকসু নির্বাচন | Daily AjKaler Kontho

পুনরায় পেছালো জাকসু নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
পুনরায় পেছালো জাকসু নির্বাচন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন তারিখ দ্বিতীয়বারের মত পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১১ সেপ্টেম্বরকে জাকসু বির্বাচনের নতুন তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা থেকে শুরু হওয়া দীর্ঘ দশ ঘণ্টার মিটিং শেষে এই তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এত দিনেও জুলাই হামলাকারীদের বিচারকার্য শেষ করতে না পারায় শিক্ষার্থীরা প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচার কার্য সম্পন্ন করার জন্য পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সকলের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপাচার্য বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফশিল ঘোষিত হবে।

৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। নতুন করে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, এর আগে গত ২১ মে এবং ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও টানা দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হলো।

আজকালের কন্ঠ/রাহাত/ইমন