“কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নারী জেলের রহস্যময় মৃ'ত্যু” | Daily AjKaler Kontho

“কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নারী জেলের রহস্যময় মৃ’ত্যু”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
“কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নারী জেলের রহস্যময় মৃ’ত্যু”

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদীতে মাছ শিকারে গিয়ে রওশনারা বেগম (৪৫) নামে এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রওশনারা বেগম ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার বিকেল চারটার দিকে মাছ শিকারে বের হন রওশনারা বেগম। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও রাতভর তার কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে নদীর তীরে জাল টানার সময় রওশনারার মরদেহ ভেসে ওঠে। এ সময় দেখা যায়, তার হাতে জালের দড়ি বাঁধা রয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, নারী জেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।