
নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল : ফিলিস্তিনে ইসরাইল ও আমেরিকা কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপি গাজাসীদের আহুত হরতালের সমর্থনে বরিশালের বাকেরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল (সোমবার) দুপুর ২ টায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড ঢাকা বরিশাল মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন বাকেরগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
এছাড়াও বিকেল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলাম বাকেরগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জমায়াতে ইসলামের উপজেলার নেতৃবৃন্দ সহ শত শত মুসল্লীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তাঁরা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন। এ ছাড়া তাঁরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন।
মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সমাবেশে বক্তারা আরো বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। তারা ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের অনুরোধ জানায়।
আপনার মতামত লিখুন :