
মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটার চর চাপলী নসিমনে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে কুয়াকাটার অদূরে ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মিনারা বেগম ওই এলাকার ছগির হাওলাদারের স্ত্রী। ফারজানা (৮) ও সাইমুন (৫) নামে তাদের দু’টি সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে বাড়ির পাশের পুকুর ঘাটে বসে থালাবাসন ধৌত করছিলেন। এসময় পাশের রাস্তা দিয়ে টিউবওয়েলের পাইপ বোঝাই একটি
নসিমন উল্টে তার গায়ের উপর পড়ে।
এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :