পরিচ্ছন্ন ক্যাম্পাস ও পরিবেশ রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ | Daily AjKaler Kontho

পরিচ্ছন্ন ক্যাম্পাস ও পরিবেশ রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ


ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
পরিচ্ছন্ন ক্যাম্পাস ও পরিবেশ রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকা কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যান্সারের ঝুঁকি থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে প্লাস্টিক ও ওয়ানটাইম কাপ ব্যবহারে নিরুৎসাহিত করতে ব্যবসায়ীদের মধ্যে পরিবেশবান্ধব চায়ের কাপ বিতরণ করা হয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ জেনিন এর পক্ষ থেকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন চায়ের দোকান ও ব্যবসায়ীদের মধ্যে এসব পরিবেশবান্ধব কাপ বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের ওয়ানটাইম কাপ ব্যবহারে নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।

উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকলের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। প্রতিদিনের চায়ের আড্ডায় ব্যবহৃত ওয়ানটাইম কাপ যত্রতত্র ফেলে রাখায় ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়। তাই ব্যবসায়ীদের মধ্যে পরিবেশবান্ধব কাঁচের গ্লাস বিতরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও শিক্ষাবান্ধব রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি